ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিক্ষকের মৃত্যুর ঘটনায় কুয়েট ছাত্রলীগের নেতাসহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আজীবন বহিষ্কার করা হয়েছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ সংগঠনটির চার নেতাকর্মীকে।


বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার অন্য তিনজন হলেন, আবু হাসান আব্দুল কাইয়ূম, মো. কামরুজ্জামান রাজ্জাক ও রিয়াজ খান নিলয়। একই ঘটনায় ৭ জনকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।


গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছিলো। অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শোকজ করা হয়েছিল ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে। তাদের ৩ জানুয়ারি বিকালের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সবাই শোকজের জবাব দিয়েছে।


সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল শিক্ষক সমিতি এবং ওই শিক্ষকের পরিবার। কুয়েট কর্তৃপক্ষের সিদ্ধান্তে সন্তুষ্ট হলে ক্লাসে ফিরবেন বলে জানিয়েছিলেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শিক্ষক সমিতির সভা রয়েছে।


এর আগে গত ২৮ ডিসেম্বর তদন্ত কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে কুয়েটের লালন শাহ হলে নিজেদের পছন্দের ডাইনিং ম্যানেজার নিযুক্ত করতে ড. সেলিমের ওপর ছাত্রদের চাপ ছিল বলে উল্লেখ করা হয়। ড. সেলিমের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৪৪ শিক্ষার্থী যে শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তদন্তে তার প্রমাণ পাওয়া গেছে।


তার আগে, কুয়েটের ৭৬তম জরুরি সিন্ডিকেট সভায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑